নিজস্ব প্রতিবেদক: দেশে আগুন নিয়ে যে নাশকতা চলছে তার সঙ্গে বিএনপি জড়িত বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পদত্যাগ করে বিএনপির সঙ্গে সংলাপে বসবে? সরকার যদি পদত্যাগ করে তাহলে সংলাপ করবে কে? এ প্রশ্নের উত্তর মির্জা ফখরুলের কাছে জানতে চাই। এ উদ্ভট, আবোল তাবোল কথা বলছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ বিএনপির মরা গাঙে আর জোয়ার আসে না। ভাটার টান এসে গেছে।
শনিবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রোজার দিনে ৩৬৫টি কর্মসূচি দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ ও অবরোধ করে মানুষকে কষ্ট দেওয়া বিএনপির রাজনীতি গণবিরোধী রাজনীতি।
তিনি বলেন, যারা দেশে আগুন-সন্ত্রাস করে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে সবার কাছে পরিচিত, সেই বিএনপি যখন আগুনের কথা বলে, তখন আমাদের কাছে মনে হয় ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। মির্জা ফখরুল আগুনের কথা বলে। এ আগুন সন্ত্রাস দেশে তারাই সৃষ্টি করেছে। এখন দেশে আগুন নিয়ে যে নাশকতা চলছে তার সঙ্গে বিএনপি জড়িত। বিএনপির অতীত ইতিহাস নাশকতার ইতিহাস।
কাদের বলেন, বিএনপির পদযাত্রা নীরবযাত্রা। মানুষ বলে মরণযাত্রা। এখন বিএনপির আন্দোলন মাটিতে নেমে গেছে, তার নাম অবস্থান কর্মসূচি। এ আন্দোলন পাবলিক খায় না, এ আন্দোলনে জনগণ নেই।
আমাদেরকাগজ/এইচএম





















