আমাদের কাগজ ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব এ বিষয় নিশ্চিত করেছেন। রোববার (৯ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, তার নাম আশরাফুজ্জামান জোহা (২৮)। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। গ্রেফতার ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে।এর আগে শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আশরাফুজ্জামান জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশ গ্রেফতার করেছিল। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এদিকে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ গ্রেফতারের খবর পাওয়ায় রোববার (৯ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছে।
আমাদের কাগজ/এমটি




















