রাজনীতি ১২ এপ্রিল, ২০২৩ ০৭:৫৩

তারেক রহমানের কাছ থেকে যে বার্তা নিয়ে ফিরলেন মেয়র আরিফ

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে সিলেটের রাজনীতিতে ব্যাপক আলোচনায় বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র আরিফ নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনে বিএনপি থেকে পদত্যাগ করবেন এমন কথাও শোনা যাচ্ছিলো। তবে এখন গুঞ্জন ওঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে এই নির্বাচন নিয়ে একটি ‘সিগন্যাল’ পেয়েছেন মেয়র আরিফ। কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি-না তা এখনো পরিষ্কার নয় দলের অনেকের কাছেও।

সিসিক নির্বাচনের ব্যাপারে বিএনপির তারেক রহমানের থেকে ‘একটি সিগন্যাল’ পেয়েছেন বলে জানিয়েছেন আরিফুল হক চৌধুরী আরিফ। তবে বিএনপির নেতা তারেক রহমানের কাছ থেকে কী ‘সিগন্যাল’ তিনি পেয়েছেন তা এখনো খোলাসা করে বলেন নি মেয়র আরিফ। আপাতত শুধু জানিয়েছেন তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন না।

লন্ডনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেনর পার্ক এলাকার রয়েল রিজেন্সি সেন্টারে যুবদলের আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র আরিফ। সেসময় তিনি এমন কথা জানান উপস্থিতদের। এদিকে তার এমন বক্তব্যর দোটানায় পড়েছেন দলীয় নেতাকর্মীরা। আর নগরবাসীরাও অপেক্ষায় রয়েছেন তার মুখ থেকে পরিষ্কার করে ‘হ্যাঁ অথবা না’ শব্দ শোনার।

আলোচনা সভায় বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে আসা সবাইকে সিলেট নগরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পরে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, সেজন্য সিলেট সিটি নির্বাচনে আমিও প্রার্থী হচ্ছি না।’  তবে পরের কথাতেই  ‘সিগন্যাল পেয়েছেন’ বলেও জানিয়ে দেন তিনি।

মেয়র আরিফ বলেন, ‘সিলেট সিটি নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা তারেক জিয়ার কাছ থেকে সিগন্যাল পেয়েছি। তবে সেটা গ্রিন না রেড তা সময়ই বলে দেবে।’

তবে তার এমন বক্তব্যে নতুন কিছুর আভাস পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিএনপি থেকে হয়তো সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন না আরিফ। হতে পারে এটি দল থেকে পদত্যাগ করে ‘স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিগন্যাল’।

আবার অপর এক পক্ষ বলছেন, সিটি মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে তারেক রহমানের কাছ থেকে আরও বড় কিছুর সিগন্যাল পেয়েছেন আরিফ। সূত্র বলছে, বিএনপি সংসদ নির্বাচনে অংশ নিলে মেয়র আরিফ বিএনপির প্রার্থী হতে চান। সেক্ষেত্রে সিলেট ১ অথবা ৪ এর সিগন্যাল পেয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে সব কেন্দ্র মিলিয়ে আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল ৯২ হাজার ৫৯৩ ভোট। আর বদরউদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ছিল ৮৬ হাজার ৩৯৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়েছিলেন আরিফুল হক চৌধুরী।


আমাদেরকাগজ/এইচএম