নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সার্কাস খেলছে।
বুধবার (৩ মে) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে পার্টি চেয়ারম্যান একথা বলেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।
জিএম কাদের নির্বাচন-ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হলে সেখানে গণতন্ত্র চর্চা অসম্ভব। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন-ব্যবস্থা শক্তিশালী করা হোক।
তিনি বলেন, নির্বাচনব্যবস্থাকে স্বাধীন করতে সবার একমত হওয়া জরুরি। এজন্য সব রাজনৈতিক দলকে একত্রিত হয়ে নির্বাচন-ব্যবস্থা নির্ধারণ করতে হবে। প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান মোটামুটি নির্বাচন-ব্যবস্থা দাঁড় করিয়েছে।
জিএম কাদের আরও বলেন, আমাদের দেশে নির্বাচন নিয়ে সেই পুরনো খেলা চলছে। যখন সরকারে থাকে সবাই সংবিধানের দোহাই দিয়ে নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা করে। কারণ, যারা সরকারে থাকে তারা জনগণের সামনে জবাবদিহিতা করতে ভয় পায়। আবার, ক্ষমতার বাইরে গেলে জনগণের ওপর ভরসা রেখে কথা বলেন। এমন মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই নির্বাচন-ব্যবস্থা শক্তিশালী করতে চিরস্থায়ী সমাধান দরকার। নির্বাচন-ব্যবস্থা সবার নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। কারণ, যারা সরকারে থাকে তাদের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করার সুযোগ থাকে। এর আগে যারা সংবিধানের দোহাই দিয়েছে এখন তারা জনগণের ভোটাধিকারের কথা বলছে। আবার সেই সময়ে যারা জনগণের ভোটাধিকারে কথা বলেছেন, এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে।
আমাদেরকাগজ/এইচএম




















