নিজস্ব প্রতিবেদক: ১০ দফা দাবি আদায়, গায়েবি মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে ১৩ মে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এর আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এই কর্মসূচি পালিত হবে।
আজ বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।
এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আমাদেরকাগজ/এইচএম




















