রাজনীতি ১১ মে, ২০২৩ ০৪:১০

নৌকাকে জয়ী করে বিএনপির মিথ্যাচারের জবাব দিতে হবে- এস এম কামাল হোসেন

আমাদের কাগজ রিপোর্ট: নৌকাকে জয়ী করে  বিএনপির মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে এভাবেই বললেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বৃহস্পতিবার ( ১১ মে) সকালে গাজীপুরের গাছা থানা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী প্রচারণায় এসে তিনি এসব কথা কলেন। 

তিনি বলেন, ২৫ তারিখের নির্বাচনে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের ভোট কেন্দ্রে যেতে হবে। এই গাজীপুর তাজউদ্দীনের গাজীপুর, শহীদ আহসানুল্লাহ মাস্টারের গাজীপুর, শহীদ ময়েজউদ্দিনের গাজীপুর। গাজীপুরের জনগণ আগে কখনো বঙ্গবন্ধুর নৌকার সাথে বেইমানি করেনি আর এবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নৌকার সাথে বেইমানি করবেনা।

আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে মানুষের বাড়ি বাড়ি যাবেন সবাই কে শেখ হাসিনার উন্নয়নের কথা বলবেন। সবাই কে ভোট কেন্দ্রে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। 
নৌকায় ভোট দেওয়ার কারণে গাজীপুরে এখন  শত শত উন্নয়ন কর্মকাণ্ড চলমান।একটি আধুনিক সিটি গড়তে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই। এছাড়া বর্তমান বাংলাদেশের যে উন্নয়ন-অগ্রযাত্রা এই অগ্রযাত্রা কে এগিয়ে নিতে হলে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের বিজয় নিশ্চিত করা ছাড়া অন্য কোন পথ খোলা নেই। 
তাই আসুন সবাই ঐক্যবদ্ধ ভাবে নৌকা কে বিজয়ী করে গাজীপুর সহ দেশের সামগ্রীক উন্নয়ন কে চলমান রাখি।

আওয়ামী লীগ আয়োজিত এ নির্বাচনী সভায় সভাপতিত্ব  করেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলী। আলোচনা শেষে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

পরবর্তীতে গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগ কার্যালয়ে সদর থানাধীন ৬১ টি কেন্দ্র কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও  সদস্য সচিবদের নিয়ে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।  এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাহ খান।

 

 

আমাদের কাগজ/টিআর