নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা নেই। এই কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধর্না ধরছে। এদেশের জনগণ যদি বিএনপির সঙ্গে থাকত, তাহলে বিএনপির নেত্রী খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিত।
আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘অতীতে বিএনপি-জামায়াতের আন্দোলনকে যুবলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছে। আগামী দিনেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এদেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।’
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, মাদক কারবারীদের নিয়ে পল্টনে সমাবেশ করছে।
তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনার প্রশংসা সারা বিশ্বে। যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্ব ব্যাংকের সভাপতির হাতে নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতুর স্কেচ তুলে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আমাদেরকাগজ/এইচএম





















