রাজনীতি ১৪ মে, ২০২৩ ০২:১৮

জাহাঙ্গীরকে ‘চিরতরে’ বহিষ্কারে সুপারিশ 

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ আলোচিত গাজীপুরের জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেছে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্যরা। এ সময় আবারও দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন নেতারা। বিশেষ করে গাজীপুর সিটি করপোরেশনের বিষয়ে কথা বলেন তারা। সেখানে জাহাঙ্গীর আলমের বিষয়টি সামনে আসে। তারা বলেন, জাহাঙ্গীর আলম এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করার জন্য দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছিল। পরে সেই ক্ষমা চাওয়ায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এখন তিনি আবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিল। শুধু সে না তাঁর মাকেও প্রার্থী করেছে সে। নিজের মনোনয়ন বাতিল হওয়ার পরে মায়ের পক্ষে প্রচারণা করছে সে। সেখানে দলের বিপক্ষে কথা বলছে। এ জন্য তাকে দল থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেন তারা।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সম্পাদকমণ্ডলীর সুপারিশ দলীয় সভাপতির কাছে পাঠানো। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আগামী ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান। সেখানে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন জাহাঙ্গীর আলম। একই সঙ্গে মা জাহেদা খাতুনকেও প্রার্থী করেন তিনি। ঋণ খেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলেও মনোনয়ন ফিরে পাননি।

এদিকে বৈঠকে আওয়ামী লীগের নেতাদের সিটি করপোরেশনের দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ প্রচারের জন্য নির্দেশনা দেওয়া হয়।

আমাদের কাগজ/এমটি