রাজনীতি ১৫ মে, ২০২৩ ০৮:০৫

ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের প্রতি প্রধানমন্ত্রী রাগান্বিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমাদের প্রতি রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৫ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা খুব সুন্দর করে কথা বলেন। তিনি সবসময় অ্যাসার্ট (জাহির করা) করে কথা বলেন। জাতিকে তিনি একটা ধারণা দিতে চান যে এখানে বিকল্প কোনো নেতৃত্ব নেই। সেভাবেই তিনি এই যে সফরটা করেছেন, সফর সম্পর্কে তিনি ধারণা দিতে চান সফর সম্পূর্ণ সফল হয়েছে। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, এ সফরের ফলাফল জিরো প্লাস। আইএমএফ শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কিছু বলেনি। সফরের অর্জন জনগণ বিচার করবে। আমরা মনে করি বিশেষ কোনো অর্জন হয়েছে বলে জানা নেই।’

এতদিন পর প্রধানমন্ত্রী স্যাংশন (নিষেধাজ্ঞা) নিয়ে কথা বলছেন কেন সে বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, ‘উনি কেন এতদিন পর স্যাংশনস’র (নিষেধাজ্ঞা) ওপর বিষোদগার করছেন? তিনি ভালো করে জানেন, যারা দেয় তারা কিসের ওপর স্যাংশনস দেয়। কিছুদিন আগে রাশিয়ার জাহাজ স্যাংশনস’র কারণে ঢুকতে পারেনি, বাংলাদেশ ফেরত দিয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী কেনে তা মোটামুটি আমরা সবাই জানি, বুঝতে পারি। তিনি সম্ভবত ইরিটেটেড হয়ে আছেন পশ্চিমাদের প্রতি।’


আমাদেরকাগজ/এইচএম