নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ছাড়া বিএনপি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক সহিদুল ইসলাম টিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকুসহ ৮ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের চলমান নির্যাতন-নিপীড়ণেরই আরেকটি বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, ‘সরকারের ইঙ্গিতে সংঘটিত এসব অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সাথে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। অবৈধ আওয়ামী সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন নেই বলেই বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারছে না। আর তারই ফলশ্রুতিতে আওয়ামী অবৈধ সরকার বিচারকদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।’
আমাদেরকাগজ/এইচএম





















