রাজনীতি ২২ মে, ২০২৩ ০৭:৫৩

যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, তারাই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে: এস এম কামাল হোসেন

আমাদের কাগজ রিপোর্ট: যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, গণতন্ত্র চায় না, তারাই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের নেতাই অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষক ছিলেন। 

আজ গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এভাবেই বলছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

তিনি বলেন, শেখ হাসিনা গোটা বাঙালি জাতির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা। শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করার পর অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক শাসক জিয়াউর রহমানের দুঃশাসন অন্ধকার যুগের বিরুদ্ধে মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছিলেন। শেখ হাসিনাই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। 

এস এম কামাল বলেন, শেখ হাসিনাই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী না, তিনি এখন বিশ্ব নেত্রী, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা হচ্ছেন মানবিক বিশ্বের প্রধান নেতা।

তিনি আরো তথ্য যোগ করে বলেন, জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া ২০০৪ সালের ২১শে আগস্ট ছায়া প্রধানমন্ত্রী হিসেবে হাওয়া ভবনে বসে ৭৫ এর খুনি আর ৭১ এর যুদ্ধাপরাধীদের নিয়ে বৈঠক করে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সেই জিয়া তারেক জিয়ার সন্ত্রাসী দল বিএনপির নেতারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বাংলাদেশের জনগণ মনে করে এই হুমকির পিছনে তারেক জিয়া মির্জা ফখরুলদের ইন্ধন আছে।

এস এম কামাল হোসেন বলেন, যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় সেই খুনি বিএনপি-জামাতকে আর কোনো ছাড় নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

গাজীপুরের সিটি নির্বাচন নিয়ে এস এম কামাল এই সমাবেশে বলেন,  আগামী ২৫ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এই ষড়যন্ত্রকারী অপশক্তিদের দাঁতভাঙ্গা জবাব দিবেন।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. রিনা পারভীন। সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান জহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাদিউল ইসলাম হাদী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আনিছুর রহমান সহ অনেকে।

 

আমাদের কাগজ/টিআর