নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেই কেবল বিএনপি ও তার দোসররা বলবে, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ বিজয়ী হলেও তারা কোনোদিন পরাজয় মেনে নেবে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর হাজারীবাগ বাজার মাঠে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনার সময় শেষ, আওয়ামী লীগের সময় শেষ। ফখরুল সাহেব জানতে চাই, সময়টা কবে শেষ হবে। দিন-তারিখ বলুন। ১৪ বছরে হাজার বার শুনেছি, সময় শেষ। সময় তো শেষ হয়নি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময় যখন শেষ, দিন-তারিখ ঠিক করে প্রেস কনফারেন্সে জানিয়ে দেন, একগুচ্ছ রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে আমরা আপনাদের বরণ করে নেব। যেন সময় মতো আপনাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আর স্রোতের মতো সংবিধানের নিয়মও কারও জন্য অপেক্ষা করবে না।
আমাদেরকাগজ/এইচএম




















