রাজনীতি ১৯ জুন, ২০২৩ ০৯:৪৬

সরকার এখন আবোল তাবোল বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

বগুড়া প্রতিনিধি: সরকার এখন আবোল তাবোল বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ জুন) বিকেলে রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

তিনি বলেন, এরা কী বলছে না বলছে নিজেরাই জানে না। সরকার নাকি কারো ভয়ে ভীত নয়। তাহলে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে বললেন কেন- আমাকে তারা সরিয়ে দিতে চায়। এই সরকার এতো কাপুরুষ, তারুণ্যের সমাবেশে হাজার হাজার তরুণ আসবে বলে মহাসড়কে গাড়ি বন্ধ করে দিয়েছে। গাড়ি চলতে দিলে বগুড়া শহরে তরুণদের জায়গা হতো না।

বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত কঠিন সময় পার করছি আমরা। এ রকম কঠিন সময় আগে কখনো আসেনি এদেশে। সরকার বন্দুকের ভয় দেখিয়ে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে আছে পাকিস্তানি হায়নাদের মতো। 

মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের কথা পরিষ্কার করে বলেছি। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পেতে চাই। আমরা বাংলাদেশকে স্বৈরশাসক থেকে রক্ষা করতে চাই, লুটপাট বন্ধ করতে চাই, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে চাই। 


আমাদেরকাগজ/এইচএম