নিজস্ব প্রতিবেদক: বিএনপি বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার রক্ত ঝরাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শপথ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আছি। এই মাটি আমাদের। এই মাটিতে আমাদের শিকড়। এখানেই আমাদের জন্ম। এই মাতৃভূমির মর্যাদা হচ্ছে পিতা বঙ্গবন্ধুর পতাকা। এর মর্যাদা আমরা যেকোনো মূল্যে, রক্ত দিয়ে হলেও রক্ষা করবো। সেটাই আমাদের শপথ।
বাঙালির জীবনের দুটি অর্জন আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, একটি বঙ্গবন্ধু মুজিব স্বাধীনতার জনক। আরেকটি আমাদের মুক্তি ও সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। এই দুটি অর্জনের ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ। ঝড়, দুর্যোগ ও অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব নেতাদের মুখে শেখ হাসিনার প্রশংসা অথচ বাংলাদেশে আমরা তাকে হত্যার ষড়যন্ত্র করি, তাকে অসম্মান করি। শেখ হাসিনা যে মর্যাদা দেশের জন্য এনেছেন, সেটা গোটা জাতির সম্পদ।
আমাদেরকাগজ/এইচএম




















