নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেল চারটার দিকে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ফখরুল বলেন, কিছুদিন পর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তারই অ্যাডভান্স আলোচনার জন্যই মূলত আজকে তারা এসেছিলেন।
ফখরুল বলেন, সেখানে আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি, কী করছি সেসব বিষয়েও আলোচনা এসেছে।
বৈঠকে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের বিষয়ে ইইউর অবস্থানের বিষয় জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা তো একথা বহুবার বলেছে যে, বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন তারা চায়। আজকেও সে কথা বলেছে। আর এটা আরও এক্সপ্লোর করার জন্য তাদের একটি টিম আসবে। আসলেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে কি না সেটা তারা দেখবে।
আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না। কারণ এমন কোনো আলোচনা হয়নি।
আমাদেরকাগজ/এইচএম




















