রাজনীতি ৬ জুলাই, ২০২৩ ০৬:০৮

পদত্যাগের ঘোষণা ছাড়া সরকারের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের ঘোষণা ছাড়া সরকারের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ যাই বলুক না কেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই ঘোষণা সরকারকে সবার আগে দিতে হবে এবং পদত্যাগ করে দিতে হবে। এছাড়া সংলাপের কোনো প্রশ্ন উঠবে না।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, ১২ দলীয় জোটের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল।

মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতা এগুলো পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলন করছি। বর্তমান অবৈধ সরকার ক্ষমতা আসার পর থেকেই অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের সকল অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে।

ইতোমধ্যে বিএনপির আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জানিয়েছেন তিনি বলেন, এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আওয়ামী লীগ সরকার এই বছরেই একটি পাতানো নির্বাচন করার জন্য পায়তারা করছে। পাতানো নির্বাচন এ দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এদেশের মানুষ মেনে নেবে না। আমাদের পক্ষ থেকে দাবি উত্থাপন হয়েছে, পরিষ্কারভাবে বলেছি, এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিএনপি চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে সম্মিলিতভাবে যৌথ ঘোষণাপত্র ঘোষণা করবো। আর এজন্যই আজকের বৈঠক বলে জানান বিএনপি মহাসচিব।

আমাদেরকাগজ/এইচএম