রাজনীতি ১১ জুলাই, ২০২৩ ১০:১২

জামায়াত সহ ১৫টি দলের সঙ্গে বসবে ইইউ

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী সহ অন্তত ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন সংক্রান্ত তথ্যানুসন্ধানী দল।

বৈঠকে আমন্ত্রণ জানিয়ে জামায়াতে ইসলামীকে চিঠি পাঠিয়েছেন ইইউ প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরি মেরিলিন ডিও। দলটিকে বৈঠকের জন্য ১৫ জুলাই বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে আমন্ত্রণ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা চিঠি পেয়েছি, বৈঠকে অংশ নেব ইনশাআল্লাহ্।

ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী অগ্রগামী দল গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। প্রতিনিধিদলটি মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপযোগিতা এবং সম্ভাব্যতা মূল্যায়ন করবে।

এ লক্ষ্যে এখানকার রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী কাঠামোর মূল্যায়ন, ঘনিষ্ঠ অংশীদার সরকারি কর্তৃপক্ষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে।


ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টি সহ নিবন্ধিত–অনিবন্ধিত ১৪–১৫টি দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ১৫ জুলাই দিনের বিভিন্ন সময়ে দলগুলোর সঙ্গে এ বৈঠক হবে।

তবে জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও কয়জন সদস্য অংশ নেবেন, তা ইইউর চিঠিতে উল্লেখ করা হয়নি।


আমাদেরকাগজ/এইচএম