নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কখনো ১০ দফা, কখনো ২৭ দফা, কখনো এক দফা, আবার কখনো ৩১ দফা! বিএনপি কর্তৃক বিভিন্ন সময়ে ঘোষিত এসব দফা জনগণ কর্তৃক ইতোমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির রূপরেখাকে 'অন্তঃসারশূন্য ও অকার্যকর' বলে প্রত্যাখ্যান করে এমন মন্তব্য করেন তিনি।
কাদের বলেন, 'বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে। কখনো ১০ দফা, কখনো ২৭ দফা, কখনো এক দফা, আবার কখনো ৩১ দফা! বিএনপি কর্তৃক বিভিন্ন সময়ে ঘোষিত এসব দফা জনগণ কর্তৃক ইতোমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। তাই তারা কিছুদিন পরপর নতুন নতুন দফা নিয়ে রাজনীতিতে টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে।'
সেতুমন্ত্রী বলেন, 'বিএনপির এই দফা জনগণের চাহিদা বিবেচনা করে নয় বরং ঐতিহ্যগতভাবে তাদের দুর্নীতি, লুটপাটতন্ত্র এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদানের স্বৈরতান্ত্রিক অপরাজনীতি ফিরিয়ে আনার কূটকৌশল।'
বিএনপি ঘোষিত দফা ও রূপরেখায় 'জনকল্যাণের সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা নেই' মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'জনগণ তাদেরকে আস্থায় না নিলেও জনগণকে বিভ্রান্ত করতে বিএনপি মরিয়া হয়ে অপচেষ্টা চালাচ্ছে।'
আমাদেরকাগজ/এইচএম






















