রাজনীতি ১৮ জুলাই, ২০২৩ ১২:৫৭

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।

ঘটনাস্থল থেকে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মফিজুল সাদিক জানান, গাবতলী থেকে বিএনপির পদযাত্রা মিরপুর বাংলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। পদযাত্রার একটি অংশ বাংলা কলেজ এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিরোধের চেষ্টা চালায়। এক পর্যায়ে কলেজের গেটে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ভেতর দিয়েই পদযাত্রার বাকি অংশ কলেজ এলাকা অতিক্রম করে যায়।

আমাদেরকাগজ/এমটি