রাজনীতি ২৪ জুলাই, ২০২৩ ০৬:৩২

আইজিপির কার্যালয়ে জামায়াতের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিনিধি: ২৮ ও ৩০ জুলাই এবং ১ আগস্টের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সদস্যরা।

আজ সোমবার বিকেলে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গিয়ে এ সহযোগিতা চেয়েছে।

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন এ তথ্য জানান।   

আশরাফুল আলম ইমন বলেন, জামায়াতের কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচি আগামী ২৮ ও ৩০ জুলাই দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ১ আগস্ট ঢাকায় সমাবেশে সহযোগিতার আবেদন নিয়ে আজ বিকেল ৫টায় আইজিপি কার্যালয়ে যায়ে একটি প্রতিনিধিদল।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া, অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।


আমাদেরকাগজ/এইচএম