রাজনীতি ২৮ জুলাই, ২০২৩ ০৩:৩৩

সংঘর্ষের জেরে পুলিশের গাড়ি ভাঙচুর করল জামায়াত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে। এর আগে, ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ি।

আজ শুক্রবার দুপুরে থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। 

এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনারসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদেরকাগজ/এমটি