রাজনীতি ১৩ আগস্ট, ২০২৩ ০৪:১৩

নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে: মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিশ্বাস করে জনগণকে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, জনগণ মুক্তি পাচ্ছে একটি ভয়াল থাবা থেকে। তিনি বলেন, ‘আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। জনগণের জয় হবে, ইনশাআল্লাহ।’রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ আশার বাণী শোনান। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

কোকো প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো একজন ভাগ্য বিড়ম্বনার শিকার মানুষ। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে। রাজনৈতিক কারণেই বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন। যদি এই পরিবারের সন্তান না হতেন তবে তিনি হয়তো এমন নির্যাতনের শিকার হতেন না। তিনি মূলত রাজনীতির শিকার হয়েছেন।

তিনি নেতাকর্মীদের আশা দিয়ে বিএনপি মহাসচিব বলেন,  আমরা অত্যন্ত আশাবাদী। অনেকে বলেন, আপনার মুখে হাসি দেখি কেন সবসময়। এ পাথর জনগণের ঘাড়ে থেকে সরে যাচ্ছে। মুক্তি পাচ্ছে জনগণ। 

জঙ্গি নাটক সাজানোর অভিযোগ করে তিনি বলেন, যখন আন্দোলন উঠতে থাকে তখনই জঙ্গি নাটক করতে থাকে তারা। এখন জনগণের চোখ অন্যদিকে প্রবাহিত করতে থাকবে। পশ্চিমা দেশগুলোকে বোঝাবে আমরা না থাকলে জঙ্গির উত্থান ঘটবে। কী নাটক। এ নাটক করে তারা দেশকে গিলে ফেলেছে।

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। এটা আওয়ামী লীগ ভালো করে জানে’।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, শুধু ক্রীড়াঙ্গন নয়, দেশের সব নষ্ট করে ফেলেছে এই সরকার।’ তিনি বলেন, ‘দেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, কারও কোনো যোগ্যতা নেই এই পদে থাকার।’
আমাদেরকাগজ/এমটি