রাজনীতি ২২ আগস্ট, ২০২৩ ০৫:০২

বিএনপির পক্ষ থেকে দুটি টিভি বয়কটে অ্যাটকোর প্রতিবাদ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় ও ৭১ টিভিকে বয়কট জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে এতে উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। যদিও এর আগে, ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ (মঙ্গলবার ) অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও উদ্বেগ জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সময় এবং ৭১ টিভি আনুষ্ঠানিক বয়কটের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল বিএনপি। এ নিয়ে তারা বক্তব্যও দিয়েছে। অ্যাটকো মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে অ্যাটকো সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

দেশের কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গ ভাবে বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিষয়ে শত্রুতামূলক প্রতিবেদন একের পর এক প্রচার করছে। আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে।

এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল তখন দর্শক শূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে বলে জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিএনপির এই নেতা আরও বলেন, ৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চ্যানেল দুটি বর্জনের সিদ্ধান্ত কার্যকর হবে।

আমাদেরকাগজ/এমটি