নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এক এগারোর সরকার গঠনের দুঃস্বপ্ন দেখছে এবং বিএনপি এখন ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে খেলছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। এমতাবস্থায় ড. ইউনূসকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছেন তারা। বিএনপি ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে। আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে পারলেন না। কীভাবে হটাতে হবে? ওয়ান-ইলেভেনের মতো ড. ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার হবে- এমন কথাবার্তায় বাজার সরগরম রয়েছে।
ড. ইউনূসের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্রের বস্ত্রহরণ করেছে তারাই এখন গণতন্ত্র নাকি পুনরুদ্ধার করবে। তারা মুখ দিয়ে মুখচ্ছবি আড়াল করতে চায়। এ সরকার থাকতে তা সফল হতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নোবেল পুরস্কার পেলেই অপরাধ করে পার পেয়ে যাবেন সেটা কোন আইনে আছে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় শ্রমিকরা মামলা করেছে। শ্রমিকের টাকা মেরে খেয়েছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এসব নিয়ে মামলা হয়েছে। এ নিয়ে যারা বিবৃতি দিয়েছে, এ বিবৃতি যে স্পেসে দেয়া হয়েছে সেটা কিনতে ২ মিলিয়ন ডলার লাগে। বিজ্ঞাপনের এ অর্থ কোথা থেকে এলো সেটা আমাদের জিজ্ঞাসা।
অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে বিএনপি নির্বাচনের পরিবেশ ভন্ডুল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী কাদের।
ড. ইউনূসের ‘নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ’ প্রকাশ করে গত মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন ৪০ জন বিশ্বনেতা। চিঠিটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়।
ড. ইউনূসকে দণ্ড দেওয়া হতে পারে এই আশঙ্কায় গত সোমবার ১০০ জনেরও বেশি নোবেল পুরস্কারজয়ীসহ ১৭৫ জন বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন। প্রথমে ১৬০ জন বিশ্বনেতা খোলা চিঠিতে সই করলেও পরবর্তীতে আরও ১৫ জন এতে সই করেন এবং ৮ জন সাধারণ নাগরিকসহ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮৩ জনে।
এর দুই দিন পর ড. ইউনূসের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি ক্লিনটনও। সাবেক মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে ইউনূসকে হয়রানি করা হচ্ছে দাবি করে তা রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান।
আমাদেরকাগজ/এইচএম





















