নিজস্ব প্রতিবেদক: প্রায় ১০ বছর পর লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে চলছে জমায়েত, অন্যদিকে চলছে একের পর এক গণপদত্যাগ। গত এক সপ্তাহে জেলা জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন না হওয়ায় সরকারি প্রকল্প বরাদ্দে জেলা জাতীয় পাটির সদস্য সচিবের একচ্ছত্র আধিপত্য নিয়ে নেতাকর্মীরা নাখোশ বলে জানা গেছে। এ কারণে সম্মেলনের আগেই পদত্যাগ করছেন তারা।
নির্বাচনের আগে নেতাকর্মীদের গণ পদত্যাগের ফলে ভোটের মাঠে জাতীয় পার্টির প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা।
সম্প্রতি পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল, জেলা জাতীয় তরুন পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা জাতীয় তরুন পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম রাজু, জাতীয় তরুন পার্টির ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. একই ওয়ার্ডের শাহিনুর ইসলামসহ একই ওয়ার্ডের ৩৫ জন পদত্যাগ করেছেন।
এ বিষয়ে সম্প্রতি পদত্যাগ করা পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু এখানে নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নেই। তাছাড়া দলের সদস্য সচিবের একচ্ছত্র আধিপত্যের কারণে কোনো নেতাকর্মীর কোনো দাম নেই। সে যাই করুক। আমাদের কথার কোনো মূল্য নেই। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।
পদত্যাগ করা নেতাকর্মীদের ধারণা, তাদের মতো আরও অনেক নেতাকর্মী দল থেকে সরে যাবেন। তবে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন তা মনে করেন না।
আমাদেরকাগজ/এইচএম




















