ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ থেকে যে টাকা পাচার হয়েছে তা পাই পাই করে দেশে ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত রোডমার্চে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্থ হয়ে একটি দেশ চলতে পারে না। কারও রাজত্ব কায়েম করার জন্য এ দেশ স্বাধীন হয়নি। দেশটা হীরক রাজার দেশে পরিণত হয়েছে। হিরক রাজার প্রথম দিকে যেমন ভালো ছিল, শেষের দিকে কিন্তু তেমন ভালো ছিল না। দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে। বর্তমান সরকারের অবস্থায় হীরক রাজার মতই হবে। তাই জনগণের উদ্দেশ্যে তিনি বলেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান।
তিনি বলেন, একদিন গণতন্ত্র অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াই। কিছু দিন আগে বেগম খালেদা জিয়াকে দেখতে গেছিলাম। তিনি আমার দিকে চেয়ে ছিলেন, তার চাহনিতে প্রশ্ন ছিল। তিনি আমাকে বলতে চেয়েছেন তোমরা আমার জন্য কি করেছো। তিনি বলতে চেয়েছেন আমি কি দেশের জন্য কিছু করি নাই। দেশের গণতন্ত্র ফিরিয়ে দিই নাই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিই নাই। তিনি আমাকে কথা গুলো বলতে চাইছেন। আমি তার কোনো উত্তর দিতে পারি নাই।
তিনি আরও বলেন, আমি বেগম খালেদা জিয়াকে বলে এসেছি সারা দেশবাসী আপনার জন্য চিন্তিত। দেশ বাসী আপনার জন্য দোয়া করছে। বাংলাদেশের প্রতি আপনার যে অবদান, সেই অবদানকে কেউ কখনো ভুলতে পারবে না। নিশ্চয়ই দেশের মানুষ আপনার জন্য কিছু করবে। বাংলাদেশে আজকে সেই ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমরা এই হাসিনা সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করে, ইনশাআল্লাহ দেশনেত্রী আপনাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবো।
ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপি’র রোডমার্চের উদ্বোধন করেন মির্জা আব্বাস। আজ বেলা সাড়ে ১২টায় রোডমার্চ শুরু হয় । এর আগে সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। সেসময় আরো উপস্থিত ছিলেন, বরকত উল্লাহ বুলু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এডভোকেট নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপি’র সভাপতি এমএ মজিদসহ কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরকাগজ/এইচএম




















