নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সমগ্র দেশের মানুষ জেগে উঠেছে একটি মাত্র দাবি নিয়ে। সেই দাবি হচ্ছে- এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় এক কনভেনশনে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল, ন্যূনতম মজুরি, শ্রম পরিস্থিতি ও চলমান ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও সম্মিলিত শ্রমিক পরিষদ।
বিএনপি মহাসচিব বলেন, সমগ্র দেশের গণতন্ত্রকামী মানুষ, সমগ্র রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছি। এক দফা দাবি দিয়েছি। সেই দফা হচ্ছে হাসিনার সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে করে নিয়েছে, আমাদের সমস্ত অর্জন গুলোকে কেড়ে নিয়েছে। সেই সরকারকে এদেশের মানুষ আর এক মুহূর্ত দেখতে চায় না।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার সমস্ত রাজনৈতিক জীবনে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে দেশনেত্রীকে অন্যায়ভাবে, বেআইনিভাবে মিথ্যে মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
ভয়েস অফ আমেরিকার সাথে শেখ হাসিনা কিছু কথা বলেছেন জানিয়ে ফখরুল বলেন, এগুলো তিনি সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই। সেই টাকা এখন ৮ কোটির উপরে চলে গেছে। বেগম খালেদা জিয়া যাতে রাজনীতিতে না থাকতে পারে এজন্যই মিথ্যে মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকেও একইভাবে মিথ্যে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যে লড়াই করছি ইনশাআল্লাহ সেই লড়ায়ে বিজয় হব। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো। দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম হব।
আমাদেরকাগজ/এইচএম





















