নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলছে- আন্দোলনের কর্মসূচি পালনে তারা না-কি ‘অবৈধ সরকারের’ কাছ থেকে আর অনুমতি নেবে না। কিন্তু সভা-সমাবেশ করতে গেলে এই সরকারের কাছ থেকেই অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে খবর আছে, পালাবার পথ পাবেন না।
শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১৯৯৫ ও ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নিহত শহীদ কৃষকদের স্মরণে কৃষক লীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) বলে আর না-কি অনুমতি নেবে না। অবৈধ সরকার থেকে অনুমতি নেবে না। তাহলে সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির আবেদন কেন করে? এই সরকার যদি অবৈধ হয়, এখানে কেন আবেদন?’
তিনি বলেন, বিএনপিকে জিজ্ঞাসা করতে চাই- তাদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কই? বিএনপির আলটিমেটাম ভুয়া, একদফা ভুয়া, আন্দোলন ভুয়া, ৩২ দল ভুয়া, ক্ষমতা দখল ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগকে না-কি তারা কবরস্থানে পাঠাবেন। সেদিন আর বেশি দূরে নয়, বিএনপির রাজনীতিই কবরস্থানে যাবে। তাদের কবরস্থানে যাওয়ার সময় এসেছে।
তিনি আরও বলেন, রাজপথ দখল করার অধিকার বিএনপির নেই। যারা রাস্তা দখল করতে আসবে, তাদের খবর আছে। যারা আগুন নিয়ে আসবে, তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে। যারা ভাঙচুর করতে আসবে, তাদের হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো।
সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসী, হত্যাকারী, খুনি, অর্থপাচারকারী, দুর্নীতিবাজ ও লুটপাটকারী দল বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তাদের কাছে জনগণের স্বচ্ছ ভোট নিরাপদ নয়। বাংলাদেশের নিরাপত্তা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আদর্শ নিরাপদ নয়। এরা একাত্তরের বাংলাদেশ চায় না। এরা চায় খুন আর সন্ত্রাসের বাংলাদেশ। এরা চায় দুর্নীতি আর স্বৈরাচারের বাংলাদেশ। ‘চোর চোট্টার’ দল বিএনপিতে ভালো মানুষ নেই।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। বাংলাদেশ আজ আলোকিত এক দেশ। এই আলো নিভে যাবে বিএনপি ক্ষমতায় এলে। বাংলাদেশকে আমরা আর কোনো কালো হাতে ছেড়ে দেবো না, অন্ধকারে ফিরে যেতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অভিমুখে নিয়ে যাবো। আবারও নৌকার পালে হাওয়া লাগবে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।
নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, জোরদার খেলা। সামনে নভেম্বর, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি। ফাইনাল খেলা হবে। কৃষক ভাইয়ের খেলা হবে। প্রস্তুত হয়ে যান। নেত্রী (শেখ হাসিনা) আসছেন, তিনি এসে ডাক দেবেন। তিনি যখন ডাক দেবেন, সবাই রাস্তায় নেমে আসবেন।
আমাদেরকাগজ/এইচএম






















