রাজনীতি ৫ অক্টোবর, ২০২৩ ০৮:৩৬

শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

চট্টগ্রাম প্রতিনিধি: শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশে আর দিনের ভোট রাতে হবে না। এ দেশের মানুষ আগের মতো ভোট চুরির নির্বাচন করতে দেবে না। এবার নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে। আজকে বিএনপির রোড মার্চ কর্মসূচি শেষ। চট্রগ্রাম পৌঁছে সমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ বৃহষ্পতিবার বিএনপির রোড মার্চের মিরসরাই উপজেলার পথসভায় বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল আরও বলেন, ‘বারবার ঘুঘু এসে ধান খেয়ে যায়, এবার ঘুঘু ফাঁদে পড়েছে। আর সে সুযোগ দেওয়া হবে না। অবৈধ প্রধানমন্ত্রী বিদেশ ঘুরে ঘোড়ার ডিম নিয়ে এসেছেন। বিদেশে কেউ তাদের নেই, দেশেও নেই। বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করতে লজ্জা করেন। আপনার (শেখ হাসিনা) জন্য সময় অপেক্ষা করছে।’

তিনি মিরসরাইবাসীর উদ্দেশে তিনি বলেন, এ মিরসরাই থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে অপমানের প্রতিশোধ নিতে মিরসরাইবাসী হিসেবে আপনাদের দায়িত্ব নিতে হবে। বিএনপি নেতাকর্মীদের রাজপথে প্রস্তুত থাকতে হবে।

এ সময় প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তাদের বিনা ভোটে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ সব গণতান্ত্রিক শক্তি একজোট হয়েছে। কথা পরিষ্কার, নির্বাচন হবে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে। এজন্য বিএনপি নেতাকর্মীদের আরও কিছুদিন রাজপথে থাকতে হবে।’


আমাদেরকাগজ/এইচএম