নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব, ক্ষমতার স্বপ্ন দেখে লাভ নেই। দিল্লি বহুদূর। ক্ষমতার পথ আপনারাই বন্ধ করে দিয়েছেন। পিটার হাসকে ডেকে কি করবেন? পিটার হাসের মুরব্বিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। উচ্চ পর্যায়ে কথা-বার্তা হয়ে গেছে। আমেরিকার মুরুব্বি যারা, তাদের সঙ্গে কথাবার্তা শেষ। উচ্চপর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। তলেতলে যখন সব শেষ, তখন আর এসব করে লাভ কী? পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকায় তাণ্ডব করবেন, সেই খেলা খেলতে দেবো না। সেই খেলা সন্ত্রাসের খেলা, বিএনপিকে সেই খেলা খেলতে দেবো না।’
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের এই সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি পিটার হাসের কাছে সকালে নাশতা করতে যায়, দুপুরে যায় লাঞ্চ করতে, রাতে যায় ডিনার করতে। আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখিয়েছেন। পিটার হাস কী করবেন? নিষেধাজ্ঞা দেবেন? তার মুরুব্বিদের সঙ্গেও আমাদের কথা হয়ে গেছে। তলে তলে যখন সব ঠিক হয়ে গেছে। দৌড়াদৌড়ি করে লাভ হবে না।
তিনি বলেন, এই দেশে নজিরবিহীন উন্নয়ন করেছেন শেখ হাসিনা। এই দেশে নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনাই করবেন। নিরপেক্ষ নির্বাচন হবে।
সেতুমন্ত্রী বলেন, ফখরুল সাহেব, নির্বাচনে না আসলে আমও যাবে, ছালাও যাবে। নির্বাচনে আসেন। শেখ হাসিনা এমন নির্বাচন করবেন, যা হবে নজিরবিহীন।
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ। আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। গোরস্থান থেকে ফখরুল এখন সেই মরা লাশ টেনে আনবে? এই মরা লাশে মুক্তি আসবে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফখরুল সাহেব, আপনাকে বলি। নির্বাচন হবে এই দেশে। নির্বাচন ইনশাআল্লাহ হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে থাকলে এই দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন হবে। শান্তিপূর্ণ হবে।
নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, খেলা হবে। খেলার জন্য সব প্রস্তুত হয়ে যান। সামনে আসছে সেমিফাইনাল। তারপর ফাইনাল। সামনে আরও দুই মাস। এখনি তোমরা বেশি ক্লান্ত হইও না।
আমাদেরকাগজ/এইচএম



















