রাজনীতি ২৩ অক্টোবর, ২০২৩ ০২:১৫

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল

আমাদের কাগজ ডেস্ক: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনি তাফসিল। আর ভোট হবে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমন তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন। 

এতে বলা হয়, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা আসতে পারে এবং এর আগে গুরুত্বপূর্ণ বৈঠক করবে কমিশন। যেটি আগামী ১ নভেম্বর। (সোমবার) দুপুরে।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার বলেন, সবাই নির্বাচন চায়। মানুষ জানতে চায় কবে ভোট হবে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না।

এদিকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকটি হবে নির্বাচন ভবনে। সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানেই ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

এদিকে ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে ৩০ অক্টোবর একটি বৈঠক করবে নির্বাচন কমিশন। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। 

আমাদেরকাগজ/এমটি