রাজনীতি ২৭ অক্টোবর, ২০২৩ ১২:০৮

প্রতিমুহূর্তে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতাকর্মীদেরকে প্রতি মুহূর্তে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,’আমরা প্রতিমুহূর্তে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর পাচ্ছি। কারাগার থেকে যারা জামিনে বের হচ্ছে কারাগারের গেট থেকে তাদেরকে আবার তুলে নিয়ে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। কি এক ভয়ংকর নৈরাজ্যের মধ্যে দেশ পতিত হচ্ছে। তবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আজ মানুষ ঐক্যবদ্ধ। আজ মানুষ অঙ্গীকারবদ্ধ যে এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে যত আঘাত আসুক যত বুলেট আসুক গণতন্ত্র উদ্ধারে যে পথরেখার দিয়ে এগোচ্ছে সেই এগিয়ে যাওয়া কখনো থামবে না।

রিজভী বলেন,’যারা সন্তান পরিবার রেখে গণতন্ত্রের জন্য রাজপথে নেমেছে তারা দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে নেমেছে তারা একজন মুক্তিযোদ্ধা হিসাবে খেতাবপ্রাপ্ত হবে। এরই মধ্যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে মারা গেছে অনেকেই পঙ্গু হয়েছে কিন্তু তাদের অঙ্গীকার থেকে পিছুপা হননি।

বিএনপির এই মুখপাত্র বলেন, কোন আদর্শের জন্য কোন আত্মদান বিফলে যায় না। প্রত্যেকের তার আত্মদানের মধ্য দিয়ে, প্রতিদানের মধ্য দিয়ে এই দেশ তার গণতন্ত্র ফিরে পাবে এবং গণতন্ত্রের মুক্তির সূর্য আবার উদ্ভাসিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘হুমকি আতঙ্ক ছড়ানোর কথা তারা বলছেন। তারা লাটি নিয়ে আসতে বলেছেন। আমরা তো নিপীড়িত। এত নিপিড়ীত মানুষ কিভাবে অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি করবে। সমাবেশ হবে স্বতফূর্ত।


আমাদেরকাগজ/এইচএম