রাজনীতি ৬ নভেম্বর, ২০২৩ ১২:২৩

নেতাকর্মীদের ধরতে মরিয়া পুলিশ, না পেয়ে পরিবারের সদস্যদের অন্যায়ভাবে আটকের অভিযোগ   

আমাদের কাগজ ডেস্ক : দেশের মানুষ আওয়ামী স্বৈরশাসকের আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতাকর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মী কিংবা তাদের আত্মীয়-স্বজনদেরকে থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রিজভী বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে শুরু হয়েছে স্বৈরচারী মহাতাণ্ডব। তবে বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দুঃস্বপ্নই রয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, বিএনপি ঘোষিত আন্দোলন কর্মসূচিতে ভয় পেয়েই ফ্যাসিস্ট সরকার শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে অবিলম্বে দুদুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

রাজধানীর মিরপুর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) (৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

এদিকে দেশে ২য় দিনের মতো চলছে অবরোধ কর্মসূচি__তবে রাজনৈতিক সহিংসতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

আমাদেরকাগজ/ এমটি