আমাদের কাগজ ডেস্ক: নাশকতা পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি সহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার দুপুর ১২টায় বরিশাল র্যাব ৮-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়,নির্বাচনি তফশিল ঘোষণার পর বরিশাল-ঢাকা রুটের লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা পরিকল্পনার করছিল তাঁরা।
গ্রেফতার দুজনের মধ্যে একজন হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম ওরফে রনি (৩৬)। অন্য আরেকজন তার সহযোগী আবির (২৭)।
সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন,পরিকল্পনার অন্যতম হোতা বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। তার বিরুদ্ধে অগ্নিসংযোগসহ বিভিন্ন আইনে ৮-১০টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তারা সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতি করে তা ভিডিও করে নেতাদের পাঠিয়ে দিত, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছে।
কমান্ডার মঈন আরও বলেন, গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে রাজধানী ঢাকা ও বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার অন্যতম নির্দেশদাতাও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম। ওই মামলা বরিশাল নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদেরকাগজ/এমটি






















