রাজনীতি ২৬ নভেম্বর, ২০২৩ ০৯:৩৮

আজ মানসিক উৎকন্ঠা থেকে মুক্তি পেতে পারে আওয়ামী লীগ নেতা সমর্থকেরা

আমাদের কাগজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে যেন সবার উৎকন্ঠা শেষ নেই। প্রায় ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার অনেকটা পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টের। তারা মনে করছেন, এবার দলীয় মনোনয়ন থেকে অনেক সংসদ-সদস্য বাদ পড়েছেন, স্থান পেয়েছেন নতুন মুখ। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। শুধু দলীয় নেতাকর্মীই নন, পুরো দেশের মানুষ তাকিয়ে আছে সেই দিকে।

কারা বাদ পড়েছেন আর কারা নতুন করে দলে জায়গা করে নিচ্ছে! সর্বত্র এ নিয়ে চলছে আলোচনা, চলছে চুলচেরা বিশ্লেষণ। 

তৃণমূল নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের গুণাবলি, বিভিন্ন উন্নয়ন, কর্মসূচির তথ্য তুলে ধরছেন। দাবি করছেন তিনিই পাবেন দলীয় মনোনয়ন। 

এদিকে ২৩ নভেম্বর বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করে আওয়ামী লীগ। তবে প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। আজ রোববার ২৬ নভেম্বর সন্ধ্যায় ফের বৈঠকে বসছেন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা। সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা হবে, এনটাই বলছেন দলের শীর্ষ নেতারা।

তালিকা প্রকাশের পরই জানা যাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত নৌকার পাল তুলল কারা। আর কারাই বা নৌকার পাল নামাতে বাধ্য হলেন।

প্রসঙ্গত, সারা দেশের ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার ৩৬২টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

আমাদের কাগজ/এমটি