রাজনীতি ২৯ নভেম্বর, ২০২৩ ০৯:২৯

আজ অবরোধ, কাল হরতাল 

আমাদের কাগজ ডেস্ক: অষ্টম বারের মতো ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের কর্মসূচি শুরু হলো বিএনপিসহ বিরোধী দলগুলোর। আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হয়েছে ২৪ ঘণ্টার অবরোধ। এই কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত। অবরোধের সময় শেষ হওয়ার পরই সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল শুরু হবে।

মাঝে এক দিনের বিরতি দিয়ে আবার শুরু হলো হরতাল-অবরোধ। যার মধ্যে, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই দিনেই হরতালের ডাক দিয়েছে বিএনপি। এর আগে, দলটি সাত দফায় অবরোধ করেছে। সপ্তম দফায় ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হয়। 

আজ বুধবার অষ্টম দফায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিল বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। পৃথকভাবে অবরোধ ও হরতালের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও।

আমাদেরকাগজ/এমটি