দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে সরকার চেষ্টা করেছে। তিনি বলেছেন, নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি বিএনপি।
আজ রোববার (১৭ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটির ওপর ভিত্তি করে তৈরি একটি প্রতিবেদন চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন থেকে বারবার বলা হয়েছে যে, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকেও ছেড়ে দেওয়া হবে।
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে।
মন্ত্রী বলেন, ২০ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার না করলে কি আর হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তা-ভাবনা করেই করেছি।
আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।
আমাদেরকাগজ / এইচকে