রাজনীতি ৩০ ডিসেম্বর, ২০২৩ ০৬:৩১

লাঙ্গলের প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থী ও সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করছেন। 

তিনি জানান, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির ভোটার প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।

আজ শনিবার, ৩০ ডিসেম্বর দুপুরে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় ভোটের নির্বাচনী জনসংযোগে এসে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, লালমনিরহাট ২ আসনের লাঙ্গলের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে, নির্বাচন থেকে সরে যেতে বলছে, সিলেটে নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দেয়া হয়েছে। এরকম অনেক ঘটনা সারাদেশে ঘটছে। তবে রংপুরে এরকম কোন ঘটনা ঘটেনি। ঘটার সম্ভাবনাও নেই। রংপুর ভালো আছে।

তিনি আরো বলেন, রংপুরবাসী নিজেদের বঞ্চনার শিকার ও বৈষম্যের শিকার মনে করেন। এজন্যই তারা মনে করেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে রংপুরের ‍উন্নয়ন যেমন হবে তেমনি বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবেন তারা। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দিবো।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেস্টা ভিপি আলা উদ্দিন মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবুসহ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদেরকাগজ / এইচকে