রাজনীতি ১০ জানুয়ারি, ২০২৪ ০৪:১৭

তারেক রহমানসহ খুনিদের নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে : নাছিম

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা খুনের রাজনীতি করে  তাদের নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে। আমি মনে করি, আইন করে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে।

আজ বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তার মূল উৎপাটন করতে হবে।


বাহাউদ্দীন নাছিম বলেন, আজকের এই দিনটি ঐতিহাসিকভাবে আমাদের আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন এমন একটা সরকার আমরা পেতে যাচ্ছি। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।


তিনি বলেন, ১৬ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, যারা ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আতাত করে, যারা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চেয়েছিল, শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে তাদের ৭ জানুয়ারি জনগণ জবাব দিয়েছে।

আমাদেরকাগজ / এইচকে