রাজনীতি ১৭ মার্চ, ২০২৪ ০৮:০৭

বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু প্রদর্শিত পথই আমাদের পথ। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেচে না থাকলেও তার উত্তরাধিকারের কোন দিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবে। 

রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বহুদিনের আকাঙ্খা স্বাধীনতা এনে দিতে  টুঙ্গী পাড়ার এক বীর প্রসবতী মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সকল সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন। তিনি বাঙ্গালির দু:খের এক মাত্র বাতিঘর, পাথেয় হয়ে থাকবেন।

বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছে,  ভারতের সহযোগীতা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরণী পার হয়েছে আওয়ামী লীগ-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যখন দেশে বিদেশে শত্রুতা, নির্বাচন বিরোধী ষড়যন্ত্র তখন, ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সে কথা বলেছি।

সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের শপথ নিই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাবো। আজকে আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠন। আমরা সে বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত।