রাজনীতি ৮ মে, ২০২৪ ০৮:৫১

উপজেলা নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক: কাদের

নিজস্ব প্রতিবেদক 
ভোট পরার হার সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বুধবার সন্ধ্যায় ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ওবায়দুল কাদের বলেন, 'টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা নির্বাচন। সন্তোষজনক বলতে হবে।'

তিনি বলেন, 'আশা করি আগামীকাল বিস্তারিত বলা যাবে। আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছিলো সেটা হাস্যকর বলে প্রমাণ হয়েছে।'

কাদের বলেন, 'উপজেলা নির্বাচনে ১৩৯ টি উপজেলায় নির্বাচন হয়েছে। আপনাদেরও অনেকের আশঙ্কা ছিলো খুনোখুনি, মারামারির। প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'এ নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে, ঝড় বৃষ্টি, আজও অনেক জায়গায় হয়েছে। নির্বাচন কমিশন যেটা বলেছে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পরেছে৷ এ পরিস্থিতিতে এটা সন্তোষজনক।'

কাদের বলেন, 'অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা জয় লাভ করেছে। পার্টি থেকে আমাদের নেতাকর্মীরা নেত্রীর নির্দেশে যথাযত দায়িত্ব পালন করেছে।'

উপজেলা নির্বাচনকে জনগন প্রত্যাখান করেছে৷ বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'এটা পাগলের প্রলাপ।'

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক,মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।