ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আবরারের এ ঘটনার সাথে যারা জড়িত আজ আর কাল, আমার মতে তো মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আদালত কী করবে জানি না।
“মৃত্যুদণ্ড হওয়া মানে কয়েকটা ব্রিলিয়ান্ট ছেলে বাংলাদেশের মেধাবী কয়েকটা সন্তান চলে গেল, হারিয়ে গেলে দেশ তো ক্ষতিগ্রস্ত হল! শুধু আবরারের জন্য নয় যারা এ অপকর্মটি করেছে তাদের জন্য, তারাও তো মেধাবী ছাত্র। এমনকি ভ্যান চালায় পিতা এমনও তো আছে।”
যাদের কারণে এই মেধাবী শিক্ষার্থীরা ‘খুনি’ হয়েছে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগ সার্বিকভাবে তো এ ঘটনার সাথে জড়িত না। এ ধরনের হত্যাকাণ্ড কত ক্ষতিকর সরকার নিশ্চয়ই বিব্রত হয়েছে। রুলিং পার্টির ছাত্র সংগঠনের ব্যানারে হয়েছে, এটার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগকে এ ধরনের সিদ্ধান্তে জড়িত করা ঠিক নয়। ”
সড়ক পরিবহন মন্ত্রী কাদের বলেন, “এ ধরনের ব্যাপার বিচ্ছিন্নভাবে ঘটনা যারা ঘটিয়েছে ‘কেইস টু কেইস’ বিচারও হচ্ছে। গুটি কয়েকের জন্য গোটা পার্টিকে তো দায়ী করতে পারি না। সরকার ক্ষমতায় আছে আমাদের দায় আছে, এ ধরনের ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা বিবেকের রায় থেকে ত্বড়িৎ ব্যবস্থা নিয়েছি।”
বুয়েট শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ায় তাদের এখন আন্দোলন বাদ দিয়ে ক্লাসে ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।






















