রাজনীতি ৭ আগস্ট, ২০২৪ ১১:৪১

ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি পুড়তে দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনমতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি যেভাবে জ্বলতে, পুড়তে ধ্বংসর্য হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে।

আজ বুধবার (৭আগস্ট) সকালের ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

দেশে একটা বিপ্লব ঘটে গেছে জানিয়ে তিনি বলেন বলেন, শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে অনেক সম্মানিত করেছে। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে। 

ছাত্র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে ধ্বংস থেকে রক্ষা করুন। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোন দোষার নয়, কোন আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। আমি চাই এখন থেকে দেশে শান্তি আসুক।

ড. মুহাম্মদ ইউনুসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করা হওয়া অভিনন্দন জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তার এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোন মানে হয় না। দেশের শান্তির শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এমন হবে। এজন্য সবাইকে ধৈর্য ধরতে বলছি। সবাইকে নিয়ন্ত্রণের মধ্য থাকতে বলছি। ছাত্রবন্ধুদের অভিনন্দন জানিয়ে বলবো, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি। 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই। 

আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছু হবে না জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল, এটা তার চাইতে বড় বিপর্যয় নয়। কিছুটা সময় তাদের কষ্টে যাবে। কিন্তু এটা একেবারে কেয়ামত হয়ে যাবে না।

এমএসআই