রাজনীতি ২৬ অক্টোবর, ২০২৬ ০৮:৩৯

জামায়াতে ইসলামী

আইজিপির বক্তব্যে ফ্যাসিস্ট আমলের কর্মকাণ্ডের পুনরাবৃত্তির ইঙ্গিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য চাকরিবিধির লঙ্ঘন’ এবং ‘ফ্যাসিস্ট আমলের কর্মকাণ্ডের পুনরাবৃত্তির ইঙ্গিত’। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ চায় জামায়াত।

সোমবার (২৬ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ নাগরিকদের সেবক, শাসক নয়। ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ওই মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিস্ট আমলে দেশের নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং বাকস্বাধীনতা ছিল না। বিনা বিচারে মানুষকে হত্যা করা হতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে নাগরিকদের তুলে নিয়ে হত্যা, ক্রসফায়ার ও গুমের ঘটনাও ঘটত। আইজিপি আলী হোসেন ফকিরের বক্তব্যে সেই একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তির হুমকি ও ইঙ্গিত রয়েছে বলে দাবি করেন তিনি।

জুবায়ের বলেন, আইজিপির এমন বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি। এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তার ভাষ্য, এ বক্তব্য দেশে আবারও ভয়ের সংস্কৃতিতে ফিরে যাওয়ার ইঙ্গিত দেয় এবং রাষ্ট্রকে নতুন সংকটের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে।

বিবৃতিতে জুবায়ের আরও বলেন, রাষ্ট্রকে সংকটে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি মনে করেন। সরকার ও সরকারদলীয় বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্যে সেই আশঙ্কা স্পষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জুবায়ের। এসব ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে বলে দাবি করে তিনি নাগরিকদের জীবনযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।