রাজনীতি ১৫ নভেম্বর, ২০১৯ ০৪:০১

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শনিবার

ডেস্ক রিপোর্ট।।

প্রতিষ্ঠার পর তৃতীয় আর তিন বছরের মেয়াদ পেরিয়ে সাত বছর পর হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল।

দীর্ঘ সময়ের ব্যবধানে স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল, তাই এবার পদপ্রত্যাশী নেতাও অনেক বেশি। ফলে ভাবা হচ্ছে কেন্দ্রীয় কমিটির আকার বাড়ানোর। প্রধান দুই পদে প্রার্থী এক ডজনের বেশি।  

বঙ্গবন্ধূ এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি র দলের সভাপতির কার্যালয় ছাড়িয়ে কাউন্সিল ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝুলছে ব্যানার আর ফেস্টুন। সম্মেলনের ধারাবাহিকতায় শনিবার হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল। 

বিতর্কিত কর্মকান্ডে বাদ পড়েছেনে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ফলে কিছুটা অস্বস্তি রয়েছে অন্যদের মাঝে। যদিও কারো ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় নিতে নারাজ সংগঠনের নেতারা। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ বলেন, নেতৃত্ব পাওয়ার পর কেউ যদি ব্যক্তিগত ভুল করে তাহলে তার দায় সংগঠন নিবে না। তার খেসারত তাকেই দিতে হবে। সংগঠন যে ইমেজ সংকটে ছিল তা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, কারণ যাদের নামে অভিযোগ ছিল তারা সম্মেলন থেকে বিরত আছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মেসবাহউদ্দিন সাচ্চু বলেন, ১০১ সদস্যের কমিটিকে বাড়িয়ে আমরা ১৫১ করতে যাচ্ছি। এই প্রস্তাব আমরা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উত্থাপন করবো। কাউন্সিলের ভোটে যদি তা পাশ হয় তাহলে এটি সংশোধন হবে।

ইতিমধ্যে সম্পন্ন হয়েছে স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণের সম্মেলন। পদ প্রত্যাশী নেতারা তুলে ধরছেন দলে যার যার অবদান। তবে ঢাকা উত্তরের কাউন্সিলে অপ্রীতিকর ঘটনায় বিব্রতও অনেকে। 

সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হয়েছে নৌকা সদৃশ মঞ্চ। শনিবারের সম্মেলনে প্রায় ২০ হাজার কাউন্সিলর ও ১৮ হাজার ডেলিগেট অংশ নিচ্ছেন।এসেছেন বিদেশী কমিটির নেতারাও। সম্মেলন প্রস্তুতির বর্তমান দুই নেতার পাশfপাশি অনেকেই প্রধান দুই পদে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন।

ঢাকা উত্তরে সভাপতি পদে ১১ , সাধারণ সম্পাদক পদে ১৮ জন। দক্ষিণ সভাপতি পদে ২৪, সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী হয়েছেন। 

১৯৯৭ সালের তৎকালীন সংসদ সদস্য মকবুল হোসেনকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক লীগের প্রথম কমিটি হয়। পরে ২০০২ সালে প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন বাহাউদ্দিন নাছিম, সাধারণ সম্পাদক হন পঙ্কজ দেবনাথ।

সর্বশেষ ২০১২ সালে মোল্লা মো. আবু কাওছারকে সভাপতি এবং পঙ্কজ দেবনাথকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়েছিল। ৩ বছরের কমিটি ৭ বছর পার করে দিয়েছে।