রাজনীতি ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৪৬

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছে দলটি। দলটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের মনোনয়ন দেয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ওবায়দুল কাদের ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে।
উল্লেখ্য, অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।