নিজস্ব প্রতিবেদক
গতকাল ৩০ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানা শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মো: তাওহীদুর রহমান বাচ্চু। অভিযোগ উঠেছে, তিনি জামায়াত নেতার ছেলে। এ নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক (০১) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, সলঙ্গা থানা শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো: সভাপতি – মো: তাওহীদুর রহমান বাচ্চু। সাধারণ সম্পাদক – মো: রিপন হাসান।
স্থানীয় ছাত্রলীগ নেতারা বলছেন, তাওহীদুর রহমান বাচ্চু অনৈতিক পথে দলের সিনিয়র নেতাদের বিভ্রান্ত করে পদ বাগিয়ে নিয়েছেন। এই তাওহীদুর রহমান বাচ্চু এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তখন তিনি জনসমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ব্যঙ্গ করে বক্তব্য দিয়েছিলেন। তার পিতা জনাব নুর মোহাম্মদ জামায়াতের একজন পদধারী সক্রিয় সদস্য। বাচ্চুর নানা একজন কুখ্যাত রাজাকার ছিলেন। এমন পরিস্থিতিতে স্থানীয় ছাত্রলীগ নেতাদের দাবি সত্যিকারের আওয়ামী লীগ পরিবারের সন্তানদের মধ্য থেকে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি পদে নতুন করে অনুমোদন দেওয়া হোক।
স্থানীয় ছাত্রলীগ নেতারা শঙ্কা প্রকাশ করে বলেন, এসব অনুপ্রবেশকারীদের কারণে ছাত্রলীগের রাজনীতিতে চরম ক্ষতি হবে।






















