নিজস্ব প্রতিবেদক
সংস্কারের অভাবে অচল পড়ে রয়েছে খুলনার শত বছরের পুরোনো দুই জাহাজ ‘বনরানী’ ও ‘বনকন্যা’। ১১২ বছরের বনরানী এবং ১১৮ বছরের বনকন্যাকে সচল করতে শিপইয়ার্ডের কাছ থেকে ব্যয় প্রাক্কলন করে সংস্কারের প্রস্তাব ঢাকায় পাঠানো হলেও এর আর কোনো অগ্রগতি হয়নি। তবে মূল কাঠামো ধরে জাহাজ দুটি সংস্কার বা পুনর্নির্মাণ করা গেলে নতুন প্রজন্ম একটি ইতিহাসের সাক্ষী হতে পারত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, বনরানীর চেয়েও করুণ অবস্থায় রয়েছে জাহাজ বনকন্যা। কলকাতার খিদিরপুর ডকইয়ার্ডে ১৯০২ সালে তৈরি হয়েছিল ‘বনকন্যা’ এবং ১৯০৮ সালে ‘বনরানী’।
বনরানীর ইঞ্জিন দুটি সচল থাকলেও বনকন্যার সবকিছুই অচল। ২০১১ সাল থেকেই বিকল অবস্থায় পড়ে আছে বনকন্যা।
বনরানী নামে জলযানটিতে ভ্রমণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রিন্স, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অসংখ্য গুণীজন। কিন্তু ওই সময়কার সবচেয়ে বিলাসবহুল জলযানটিই এখন অবহেলায় পড়ে আছে খুলনা মহানগরীর ফরেস্ট ঘাটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, জলযান দুটি সচল করতে খুলনা শিপইয়ার্ড থেকে ব্যয় প্রাক্কলন চেয়েছিল বন বিভাগ। দুটি জাহাজ সংস্কারের জন্য সাড়ে তিন কোটি টাকা করে সাত কোটি টাকা ব্যয় হবে বলে জানায় শিপইয়ার্ড।
২০১৮ সালে এই প্রস্তাব ঢাকায় পাঠানো হলেও এর কোনো অগ্রগতি হয়নি। অবহেলাতেই পড়ে আছে বহু ইতিহাসের এ দুই সাক্ষী।ফরেস্ট ঘাটে থাকা বনরানীতে গিয়ে দেখা যায়, লোহার তৈরি পাটাতন মরচে ধরে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন স্থানে ছাদের সিলিং খুলে পড়ছে। তবে শত বছর পর এখনো অক্ষত রয়েছে সেগুন কাঠের তৈরি জানালা, ফার্নিচার।
এর কেবিনের ভেতরে গিয়ে দেখা যায়, বিছানা, তোশক ও লেপ ইঁদুরে কেটে নষ্ট করে ফেলেছে। তবে পিতলের তৈরি লাইট, সুইচসহ বিভিন্ন ফিটিং এখনো আগের মতোই রয়েছে। ব্রিটিশ আমলে ব্যবহার করা তৈজসপত্রে লেগে আছে ঐতিহ্যের ছোঁয়া।





















