নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে হরিনা নৌ পুলিশ। রোববার রাতে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলীর নেতৃত্বে সদরের লক্ষীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীর উপকূলে মা ইলিশ প্রজনন রক্ষায় অভিযানে এসব জেলেদের ইলিশ শিকার অবস্থায় আটক করেন।
আটক জেলেরা হলেন: কবির গাজী, জসিম ছৈয়াল, হাসিম ছৈয়াল, মনির ছৈয়াল, রাজিব ছৈয়াল, মো. মিন্টু দেওয়ান, মানিক গাজী, সিয়াম মাঝি, রিপন দেওয়ান, ইয়াছিন প্রধানিয়া, ফয়সাল বেপারী ও মো. শরীফ খান। এদের মধ্যে ফয়সাল বেপারীর বাড়ী নারায়ণগঞ্জ এবং বাকী সকল জেলে চাঁদপুর সদর উপজেলার।
এই ঘটনায় এসআই ইয়াকুব আলী জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আজ তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বেচাকেনা, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।




















