ডেস্ক রিপোর্ট
বরগুনা সদর উপজেলার সুজার খেয়াঘাট সংলগ্ন নদীর উপড় নির্মিত আয়রন ব্রীজটি মাঝখানের খন্ড ধসে পড়েছে। এতে দু’পাড়ের হাজার হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার সন্ধ্যায় সেতুটি ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
সেতুটিতে থাকা তিন যুবক নিচে পড়ে গেলেও তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা জাহিদ হাওলাদার বলেন, মাগরিবের নামাজের সময় আমরা প্রচণ্ড জোড়ে শব্দ শুনতে পাই। এরপর গিয়ে দেখি সেতুটি ভেঙে গেছে। এ সময় সেতুতে থাকা তিন যুবক নদীতে পড়ে গেলেও তাদের কেউ আহত হয়নি।
খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা উজ্জ্বল সরকার বলেন, নদীতে ট্রলার ও মালবাহী নৌযান চলাচলে অনেক সময়ই সেতুটিতে ধাক্কা লাগে। এভাবে আস্তে আস্তে সেতুটির ফাটল ধরেছিল।
জানা যায়, এই এলাকার হাজার হাজার মানুষের পারাপারের জন্য সুজা মিয়া নামে এক ব্যক্তি ধানের বিনিময়ে নৌকা চালিয়ে নদী পার করতেন। তার নাম অনুসারে সুজার খেয়া ও সুজার খেয়াঘাট হিসেবে এলাকাটির পরিচিতি পায়। পরে ওই এলাকায় সেতুটি নির্মিত হয়। ২২ বছর আগে সেতুটি নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণ অথবা তদারকি করা হয়নি। যার কারণে সেতুটি ভেঙে পড়েছে বলে স্থানীয়রা জানান।




















